বশিরুল ইসলাম
তনু হত্যার দীর্ঘ ১বছর অতিবাহিত হলেও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মৃত্যু রহস্যের জট খোলেনি। আজ সোমবার ১ বছর পূর্ণ হচ্ছে দেশব্যাপী আলোচিত এ ঘটনার। অজ্ঞাত কারণে মামলার রহস্যের জট খুলতে সিআইডি এখন অনেকটা চুপচাপ থাকলেও হতাশ ও ক্ষুব্ধ তনুর পরিবার। তদন্ত কার্যক্রম কিংবা ঘাতক সনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে মিডিয়ায় মুখ খুলতে নারাজ সিআইডি। ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে প্রতিবাদী সমাবেশ পুলিশসুপার বরাবর স্মারকলিপি পেশ করবে বলে জানিয়েছে কুমিল্লা গণজাগরণ মঞ্চ।
গত বছরের ২০ মার্চ কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউজ এলাকায় একটি জঙ্গলে মরদেহ রেখে যায় ঘাতকরা। এ ঘটনার পর নানা নাটকীয়তা আর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পার হয়ে যায় দীর্ঘ ১টি বছর। এ হত্যাকান্ডের বিচারের দাবিতে দেশের সকল শ্রেণি পেশার মানুষ মাঠে নামে। কিন্তু বর্তমানে তনু হত্যার বিচার নিয়ে শংকিত তনুর পরিবার।
এদিকে, দীর্ঘ ১বছরেও তনু হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে না পারা, সামরিক-বেসামরিক ৭০ জনের অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, দুই দফা ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করতে না পারা, এমনকি ডিএনএ পরীক্ষায় ৩ ধর্ষণকারীর শুক্রাণূ পেলেও এ পর্যন্ত ডিএনএ ম্যাচ করে ঘাতকদের সনাক্ত করতে না পারায় এ মামলার ভবিষ্যৎ কিংবা বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে।
তনুর বাবা এয়ার আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার তেমন কোন অগ্রগতি নাই। আমাদের সাথে এব্যাপারে বর্তমানে কেউ যোগাযোগ করছেনা। আগামীকাল ২০ মার্চ সোমবার আমি আমার মেয়ের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়ার আয়োজন করছি। আমাদের বাড়ীর দক্ষিণপাশের একটি এতিমখানার ছেলেদের এই আয়োজনে যোগদানের জন্য দাওয়াত করেছি। আমি মসজিদে ও মিলাদের আয়োজন করেছি। কিন্তু সিআইডি’র জালাল উদ্দিন আহমেদ এর সাথে যোগযোগা করা হলে তিনি আমাকে ঢাকা যাচ্ছেন বলে আর আমার সাথে কোন কথা বলেননি। আমি সঠিক বিচার পাব কিনা তা নিয়ে সংশয়ে আছি। তবে আমি জুমা’র নামাজ শেষে মুসল্লীদের কাছে কিছু বলব আজ আর তেমন কিছু বলব না। আমি বিচার নিয়ে সংকিত।
তনুর মা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন তনুর মা হাই প্রেসারের লোক। সে প্রায় সময় আমাদের একমাত্র মেয়ে তনুকে নিয়ে চিন্তিত থাকে। গভীর রাতে তার কথা স্মরণ হলে চিৎকার করে। সিভিল সার্জন ও ডা: মুজিব আমাদের পরিবারের সকল সদস্যদের রোগের চিকিৎসা করে থাকেন।
কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র খায়রুল আনাম রায়হান এই প্রতিবেদককে জানান, আমরা আগামীকাল সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের বরাবরে স্মরকলিপি পেশ করব এবং সেখানে তাদেরকে নির্দিষ্ট একটি সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে যদি তারা দৃশ্যমান কোন কিছু দেখাতে না পারে তাহলে আমরা কঠোর ও লাগাতার আন্দোলনে যাব।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রথমে ফোনটি কেটে দেন পরে অনেকবার ফোন করলে ও তিনি ফোনটি রিসিভ করেননি। এব্যাপারে সিআইডির অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন সাহেব বলবেন তবে আমরা প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের চেষ্টার কোন কমতি নেই।

No comments:
Post a Comment