বশিরুল ইসলাম:
গত ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ কুমিল্লায় ভোক্তা আইনে অভিযোগ করে দুইজন অভিযোগকারী জরিমানার ২৫% পেয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো: আরিফ নামের একজন ভোক্তা কুমিল্লার কান্দিরপাড় এলাকার খন্দকার হক টাওয়ারে অবস্থিত একটি রেস্টুরেন্টে খেতে গেলে ১.৫ লিটার পানির দাম রাখা হয় ২৫ টাকার স্থলে ৩০টাকা। তিনি ভোক্তা আইনে অভিযোগ করলে তদন্তে আজ তার সত্যতা মেলে। ফলে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় প্রশাসনিক ব্যবস্থায় ঐ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা করেন আর অভিযোগকারী হিসেবে আরিফ পান জরিমানার পঁচিশ শতাংশ।
অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোর্টে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকার মো: রাশেদ নামের একজন ভোক্তা তার পরিবারসহ ঐ এলাকার একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে যান তিনি দেখেন যেখানেও পানির দাম রাখা হচ্ছে ২৫ টাকার জায়গায় ৩০ টাকা । তিনি ভোক্তা আইনে অভিযোগের কথা বললে তারা তাকে অপমান করেন ও বলেন পারলে অভিযোগ করতে। রাশেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়ের সাইটের নাগরিক কর্ণার থেকে অভিযোগ দায়ের করেন। ১৩ ফেব্রুয়ারি উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি করে ঘটনার সত্যতা মিললে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সেই রেস্টুরেন্টকে ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করে। অভিযোগ কারী হিসেবে রাশেদ পান ২,৫০০/-(দুই হাজার পাঁচশত টাকা)। এ বিষয়ে প্রতিক্রিয়ায় রাশেদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর কার্যক্রমকে স্বাগত জানান ও সরকারকে ধন্যবাদ দেন।
এ বিষয়ে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা মো: আছাদুল ইসলাম জানান, ভোক্তা হিসেবে কোন পণ্য কিনে কেউ প্রতারিত হলে আমাদের কাছে বিনামূল্যে অভিযোগ করতে পারেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ও প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হলে অভিযোগকারী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুসারে জরিমানার ২৫% পেয়ে থাকেন। তিনি সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ায় আহ্বান জানান।

No comments:
Post a Comment